বালুচরে কিশোর গ্যাং বিরোধে আহত ফাহিমের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৯:১৩:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বালুচরে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত মো. ফাহিম (২৩) মারা গেছেন। বুধবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গেলো সোমবার রাতে নগরীর বালুচর এলাকায় প্রতিপক্ষ গ্যাংয়ের সদস্যদের হামলায় গুরুতর আহত হন ফাহিম। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কান্দিগাঁও গ্রামের বাসিন্দা ও পরিবারসহ নগরের বালুচর এলাকার ছাড়ারপাড়ে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফাহিমের বড় ভাই মামুন আহমেদ ওরপে বুলেট মামুন (২৫) ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলো। সে এলাকায় ‘বুলেট মামুন গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতো। গত ১০ অক্টোবর মামুনকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে ১১টি মামলা রয়েছে।মামুন কারাগারে যাওয়ার পর গ্যাংটির নেতৃত্ব নেন ছোট ভাই ফাহিম। এতে এলাকার আরেকটি গ্যাংয়ের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। সোমবার রাতে বালুচরে প্রতিপক্ষের সদস্যরা তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও হাতে কোপ দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে মঙ্গলবার রাতে তাকে সিলেটে নিয়ে আসা হয়। পথে তার অবস্থার অবনতি হলে বুধবার ভোরে ওসমানী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কিশোর গ্যাংদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে নিহত ফাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





