ভারতে অনুপ্রবেশকারী তিন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৬:৪০:১০ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় আটক ৩ বাংলাদেশী নাগরিককে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তের শাহিদাবাদ এলাকায় আটককৃতদের হস্তান্তর করে বিএসএফ।
বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী সাহিদাবাদ গ্রামে সীমান্ত পিলার নং ১২০৩/৮ এস নামক স্থানে লাউড়েরগড় বিজিবি এবং ভারতের বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ৩ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করে।
ঢাকা কেরানীগঞ্জ থানায় আজমর আলীর ছেলে মো. যুবরাজ, কিশোরগঞ্জ জেলার আঙ্গিয়াদি গ্রামের মো. ইসলাম মিয়ার ছেলে মো. জাহিদুল ইসলাম জুনায়েদ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার পূর্ব রামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিপন মিয়াকে ১২ নভেম্বর বিকেলে সীমান্ত পিলার নং ১২০৪/১ এস হতে আনুমানিক ৩ কিলোমিটার অভ্যন্তরে লালগাঁও নামক স্থানে বিএসএফ আটক করে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় লাউড়েরগড় বিজিবির সুবেদার মোঃ মোস্তফা কামাল মামলা করে তাহিরপুর থানায় সোপর্দ করেছেন।





