বালুচরে ফাহিম হত্যা মামলার আসামী সবুজ গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৮:৫০:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বালুচরে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. ফাহিম (২৩) হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিকে টিলাগড় ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম সবুজ আহমদ রেহান (৩২)। সে সিলেটের জৈন্তাপুর উপজেলার যশপুর গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র ও বর্তমানে টিলাগড় গোপালটিলার একটি ভাড়া বাসায় বসবাস করছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফাহিমের বড় ভাই মামুন আহমেদ ওরপে বুলেট মামুন (২৫) ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলো। সে এলাকায় ‘বুলেট মামুন গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতো। গত ১০ অক্টোবর মামুনকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে ১১টি মামলা রয়েছে।
এদিকে মামুন কারাগারে যাওয়ার পর গ্যাংটির নেতৃত্ব নেন ছোট ভাই ফাহিম। এতে এলাকার আরেকটি গ্যাংয়ের সঙ্গে তার বিরোধের জেরে সোমবার রাতে বালুচরে প্রতিপক্ষের সদস্যরা তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও হাতে কোপ দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে মঙ্গলবার রাতে তাকে সিলেটে নিয়ে আসা হলে পথে তার অবস্থার অবনতি হলে বুধবার ভোরে ওসমানী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের পিতা হারুন রশিদ বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে শাহপরান থানায় একটি হত্যা মামলা দতায়ের করেন। (নং-২০, ধারা ৩০২/৩৪) রুজু হয়। গ্রেফতার সবুজ রেহানকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বালুচরে ফাহিম নিহতের ঘটনায় পিতার দায়েরকৃত মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার প্রচেষ্টা অব্যাহত আছে।





