সুনামগঞ্জে ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুই যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৫:৫৩:৪৮ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোরে জেলার জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব কার্তুজ উদ্ধার করা হয়।
ডিবি জানায়, শনিবার ভোরে দায়িত্বপালনকালে গোপন সূত্রে খবর পাওয়া যায়- বিশ্বম্ভরপুরের চালবন এলাকা থেকে দুই মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ শর্টগানের কার্তুজ সাচনাবাজারমুখী পাচার করা হচ্ছে। খবরের ভিত্তিতে একদল ডিবি পুলিশ সাচনাবাজারস্থ সিংগার হক ইলেকট্রনিক্স দোকানের সামনে অবস্থান নিয়ে তল্লাশি অভিযান চালায়। পরে ভোর ৭টা ৫ মিনিটে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আটক করে তল্লাশি করলে মোটরসাইকেলচালক মো. মামুন মিয়ার (২৩) ব্যাগ থেকে ৪০০ রাউন্ড এবং তার সহযাত্রী মো. উবায়দুলের (২১) ব্যাগ থেকে ৫৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। কার্তুজগুলো ১২ বোর শর্টগানের কার্তুজ।
এসময় রেজিস্ট্রেশনবিহীন একটি প্লাটিনা মোটরসাইকেলও জব্দ করা হয়। জব্দ করা মোট ১৯টি প্যাকেটে ৫০টি করে মোট ৯৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে আরও দুইজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার দুই যুবক সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর আমপাড়া এলাকার বাসিন্দা। ডিবি পুলিশ বলছে, ঘটনাটির সূত্র হিসেবে সাধারণ ডায়েরি এমসিসি নিবন্ধিত রয়েছে। জেলা গোয়েন্দা শাখার ওসি আহমদ উল্লাহ ভুইয়া জানান, উদ্ধারকৃত কার্তুজ ও মোটরসাইকেল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেন, ৯৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে জামালগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।





