কোম্পানীগঞ্জে বিপুল মাদক ধ্বংস
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৭:০১:৫৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জব্দকৃত বিপুল পরিমাণের মাদক ধ্বংস করা হয়েছে। শনিবার সকাল দশটায় কোম্পানীগঞ্জ থানা কম্পাউন্ডের মাঠে মাদকগুলো ধ্বংস করা হয়।
সিলেট জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস হোসেন এবং ম্যাজিস্ট্রেট মো. রুবেল মিয়ার উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ৪ হাজার ১শ পিস বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ, ৩০ বোতল ফেনসিডিল ও ৭৭ হাজার শেখ নাসির উদ্দীন বিড়ি।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম জানান, যোগদানের পরপর বড় বড় কয়েকটি মাদকের চালান আটক করা হয়েছিল সেই মাদকের চালান এবং এর পূর্বেরও আটক কিছু মাদক ও ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ধ্বংস করা হয়। সকালে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোম্পানীগঞ্জ থানা পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে তার সামনেই সকল মাদক ধ্বংস করা হয়।





