কমলগঞ্জে ধলাই থেকে বালু উত্তোলনে ৫ লক্ষ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৭:২১:৪৬ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ২ ব্যক্তিকে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
জানা যায়, উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত ধলাই নদীর একাধিক স্থান থেকে বালু উত্তোলন হচ্ছে। লিজের বাহিরেও বালু উত্তোলনের পর কৃষিজমিতে স্তুপীকৃত হচ্ছে। এতে মানা হচ্ছেনা কোন আইন। ড্রেজার মেশিনে উচ্চ শব্দে বালু উত্তোলনে নদীর প্রতিরক্ষা বাঁধ ধ্বসে পড়ছে। একাধিক ট্রাকযোগে বালু পরিবহনে ভেঙ্গে যাচ্ছে পার্শ্ববর্তী রাস্তাঘাট। ধর্মপুর গ্রামের প্রায় অর্ধ কি.মি. জুড়ে বালু উত্তোলনের ফলে গ্রাম্য রাস্তার বিভিন্ন অংশে গর্ত ও ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। নদীর বাঁধ ধ্বসে এই এলাকার কয়েকটি বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে।
তবে ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বালু মহালের ইজারাদারের প্রতিনিধি বদরুল ইসলামকে তিন লক্ষ টাকা এবং অন্য ইজারাদারের প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর মৌজায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।





