ডায়াবেটিক হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৭:২৭:০৪ অপরাহ্ন

সাধারণত কায়িক পরিশ্রম না করলে এবং মাত্রাতিরিক্ত ফাস্ট ফুড খেলে ও কোমল পানীয় পান করলে বা মোটা হয়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। এসব বিষয়ে তাই সচেতন হওয়া প্রয়োজন। আর যদি কোনো কারণে ডায়াবেটিস হয়েই যায়, তবে ডায়াবেটিসের জটিলতা সম্পর্কে সচেতন হতে হবে। ডায়াবেটিস বহুলাংশে প্রতিরোধ করা যায়, অর্থাৎ যাদের ডায়াবেটিস নেই, তারা যদি ডায়াবেটিস হওয়ার ঝুঁকিগুলো সম্পর্কে জানতে পারেন বা সচেতন হন এবং সেসব ঝুঁকি এড়িয়ে চলতে পারেন, তাহলে ডায়াবেটিস অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।
শনিবার সিলেট ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব। বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য ছিলো ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’।
ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার মো: আব্দুল মোক্তাদির কোরেশি সুমন এর পরিচালনায় আলোচন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির কার্যকরি কমিটির সহ-সভাপতি ডা. মোঃ আলতাফুর রহমান, সদস্য বৃক্ষপ্রেমী আফতাব চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডা. এ.টি.এম. জাফর আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাসপাতালের অফিস সহকারী ও ওয়ার্ডমাষ্টার মো: লিয়াকত হোসেন।
এদিকে, বিশ্ব ডায়াবেটিস দিবসের কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে দশটায় এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি





