শেওলা-জকিগঞ্জ সড়ক সংস্কার কাজের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৮:২১:১০ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার শেওলা-জকিগঞ্জ সড়কের বীরশ্রী ইউনিয়নের প্রায় ১৫ কিলোমিটার সড়ক সংস্কারকাজ শুরু হয়েছে। দেশী ও প্রবাসীদের দেয়া অর্থে কাজটি শুরু করছে শেওলা-জকিগঞ্জ রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদ। শ্রমিক, এলাকাবাসী ও বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দ দল বেঁধে কাজ শুরু করেছেন। এতে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সরকারি কারো উপস্থিতি ছিলনা। তবে সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে বীরশ্রী যুব সমাজ কল্যাণ সংস্থা, বীরশ্রী আলোর পথে সমাজ কল্যাণ সংস্থা, বীরশ্রী স্পন্দন ক্লাব, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন, খালপার হিলফুল ফুযুল যুব সংঘ ও শেরুলভাগ প্রাক্তন ছাত্র পরিষদ নিজ নিজ ব্যানার ও লোকজন নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। এছাড়াও স্থানীয় বাসিন্দা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ এ সময় ধন্যবাদ জানাতে আসেন।
জকিগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি রহমত আলী হেলালী জানান, জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার শেওলা-জকিগঞ্জ সড়কটি প্রায় দশ বছর ধরে ভেঙেচুরে আছে। সড়কটি উন্নয়নের জন্য স্থানীয় মানুষ নানাভাবে চেষ্টা করেছেন। কিন্তু কোনো ফায়দা হয়নি। শেষমেশ নিজেরাই নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। বীরশ্রী ইউনিয়নের সব কটি গ্রামের মানুষ বিভিন্নভাবে এই কাজে যুক্ত হয়েছেন। কেউ নগদ টাকা দিয়েছেন ইট-বালু কেনার জন্য। কেউ নিজেরা কাজ করার জন্য শ্রম ও মেধা দিয়েছেন। এ রাস্তা দিয়ে প্রতিদিন জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ চলাচল করে। এটাই তাদের চলাচলের একমাত্র রাস্তা।
বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মাওলানা রুহুল আমীন বলেন, বছরের পর বছর ভেঙে থাকা শেওলা-জকিগঞ্জ সড়ক সংস্কারের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে অনেক গিয়েছি। সরকারের তরফ থেকে আশ্বাস শুনতে শুনতে আমাদের এলাকার মানুষের বেহাল অবস্থা। তাই শেষ পর্যন্ত ডিসির অনুমতি নিয়ে আমরা এলাকাবাসী নিজেদের অর্থে কাজ শুরু করেছি।
সমন্বয়ক ও শিক্ষক মামুন কাওছার বলেন, আপাতত আমরা বীরশ্রী ইউনিয়নের ১৫ কিলোমিটার অংশ সংস্কার করবো। অর্থের ব্যবস্থা হলে ইনশাআল্লাহ বাকি অংশও সংস্কার করা হবে।
শেওলা-জকিগঞ্জ রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদের সভাপতি নজমুল ইসলাম চৌধুরী মজু বলেন- আল্লাহ’র মেহেরবানীতে আমরা অল্প দিনের পরিশ্রমে এই বিশাল রাস্তার সংস্কার কাজ করার সাহস পেয়েছি। বিশেষ করে দেশী-বিদেশী অনেক ভাই আমাদের বিশ্বাস করে টাকা দিয়ে সহযোগিতা করার জন্য আজ আমরা এই কাজ বাস্তবায়ন করার সুযোগ পেয়েছি।





