নিজ বাসা থেকে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৮:৪৯:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর নিজ বাসা থেকে এক মেডিকেল কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর জালালাবাদ থানাধিন পাঠানটুলা সংলগ্ন করেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঐ শিক্ষার্থীর নাম প্রিয়া শর্মা (২২)। সে জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্রী ও অমৃকা রঞ্জন শর্মার মেয়ে।
পুলিশ জানায়, সকালে প্রিয়া শর্মাকে সকালে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করে এসএমপির জালালাবাদ থানার ওসি শাহ মোঃ মোবাশ্বির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের দাবী ৩য় বর্ষের পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় মানসিকভাবে সে বিপর্যস্ত ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।





