খাদিমপাড়ায় প্রশাসনের অভিযানে ৩০ একর সরকারি জমি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৮:৫০:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানাধিন শহরতলীর খাদিমপাড়া এলাকায় সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণ এবং বিক্রির অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ৩০ একর সরকারী খাস জমি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে দখলকৃত ভূমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে দৈনিক জালালাবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।
তিনি বলেন, আজকের অভিযানে প্রায় ৩০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছি। এই জমি খাদিমনগর চা-বাগানের দায়িত্বে ছিলো। কিন্তু তা ঠিকমতো দেখভাল না করার কারণে জমি দখল হয়ে যায়। এখানকার চা শ্রমিকেরা জমি দখলের পাশাপাশি জাল দলিল করে জমি বিক্রি করছিল। এমন অভিযোগ পেয়ে আমরা অভিযানে নেমে এর সত্যতাও পেয়েছি। আমরা ইতোমধ্যে মূল অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছি। এখানকার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।
এদিকে দীর্ঘদিন পরে হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভূমিখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা এবং জমি কেনা-বেচার বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সদর উপজেলার ইউএনও খোশনূর রুবাইয়াৎ।




