গোয়াইনঘাটে অনলাইনে জুয়া খেলায় ৪ যুবকের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৮:৫৪:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অনলাইনে জুয়া খেলার দায়ে চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে জাফলংয়ের মামার বাজারসহ আশপাশের এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পূর্ব জাফলং ইউনিয়নের আসামপাড়া গ্রামের রহিজ উদ্দিনের পুত্র রুবেল মিয়া (২১), আফসের আলীর পুত্র ইমরান আহমদ (২০), হাফেজ মিয়ার পুত্র আবু হাসান (১৯) ও লাখেরপাড় এলাকার মৃত তকলিছ আলীর পুত্র মো. আলীম উদ্দিন (৩৫)।
মোবাইল কোর্ট শেষে গোয়াইনঘাট ইউএনও রতন কুমার অধিকারী বলেন, অনলাইন জুয়া ধীরে ধীরে ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপ নিচ্ছে। মোবাইল ফোনের সহজলভ্যতার কারণে অনেক তরুণ এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা ব্যক্তিগত অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি পরিবার ও সমাজে অস্থিরতা তৈরি করছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং অব্যাহতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারের সদস্যদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে, মোবাইলে কী ব্যবহার করছে—এসব বিষয়ে নজরদারি বৃদ্ধি করতে হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে।
তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে ইউএনও বলেন, পড়ালেখা, কাজ, সৃজনশীল উদ্যোগ ও সুস্থ বিনোদনে সময় দিন। ভবিষ্যত অন্ধকার করবে এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হবেন না। আমরা তরুণদের পাশে আছি, তবে অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।





