জৈন্তায় ফুটবল খেলতে গিয়ে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৮:৫৬:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর উপজেলায় নাইট মিনিবার ফুটবল খেলতে গিয়ে গাছের সঙ্গে মুখমণ্ডল আঘাত পেয়ে ইমন আহমেদ (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের মহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে এ ঘটনা ঘটে।নিহত ইমন উপজেলার লক্ষিপ্রসাদ (কান্দিগ্রাম) এলাকার আনছারুল হকের ছেলে এবং আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপারিন্টেন্ডেন্ট হেলাল আহমেদ বলেন, খেলার একপর্যায়ে ইমন অসাবধানতাবশত মাঠের পাশে থাকা একটি গাছের কাটা অংশে ধাক্কা খেয়ে মুখমণ্ডল ও মাথার সংবেদনশীল জায়গায় গুরুতর আঘাত পান। প্রথমে তিনি স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং কান দিয়ে রক্ত বের হতে থাকে।
পরে স্থানীয়রা তাকে দ্রুত চতুল বাজারের একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে শুক্রবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে ইমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, ক্রীড়ামোদী ও স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন।
শোকাহত পরিবারকে সান্ত্বনা জানাতে শুক্রবার বিকেলে তাদের বাড়িতে যান সিলেট সিটির সাবেক মেয়র ও বিএনপি মনোনয়নপ্রত্যাশী আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল জয়নাল আবেদীন, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শুক্রবার বাদ আসর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে দাফন সম্পন্ন করা হয়।





