লালাবাজারে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৮:৫৭:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্যসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ লালাবাজারস্থ সাতমাইল গ্রামে একটি অভিযান পরিচালনা করে। সেখানে রানা মিয়ার বাড়ির ভাড়াটিয়া নোমান মিয়া (৩২) কে আটক করে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার জিনোদপুরের মিজানুর রহমানের পুত্র।
এসময় তার ভাড়া বাসার সামনের দুটি কক্ষ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ৮৮ হাজার ৯০০ টাকা।শনিবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএমপি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা পুলিশ লালাবাজার থেকে ২৪০ পিম ভারতীয় শাড়ী, ৫ হাজার ২৮০ পিস পন্ডস স্কিন হোয়াইট বিউটি ফেইসওয়াস, ২৫ হাজার ২০০ পিস বেটনোভেট এন-সি ক্রিম, ১২ হাজার ১২ পিস ক্লপ-জি ক্রিম জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।





