শাকসু নির্বাচন নিয়ে ভিসিকে ছাত্রদলের হুমকির অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৯:০৮:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আগামী ২৮ ডিসেম্বরের আগে নির্বাচন ঘোষণা না করতে উপাচার্যকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিরুদ্ধে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে শাকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা শেষে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এ অভিযোগের কথা উল্লেখ করেন উপাচার্য প্রফেসর এ এম সরওয়ারদ্দিন চৌধুরী।
উপাচার্য বলেন, আমি ভেবেছিলাম ছাত্রদল মিছিল-টিছিল করছে। কারণ তারা ২৮ তারিখ থেকে একটা অক্ষরও পেছনে নামবে না বলে থ্রেট দিয়ে বলছে— ওরা একটা তালা দিয়েছে, আমরা গেইটে তালা দেব।
তিনি আরও বলেন, ২৮ বছর পর আমরা চেষ্টা করে একটা তারিখ দিয়েছি। যেখানে তোমাদের ২-৪ হাজার ভোটে জেতার সম্ভাবনা, সেখানে আন্দোলন করছো কেন?শাকসু দরকার, নষ্ট করো না— ভিসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য আরও বলেন, তোমরা যে সুন্দর কাজগুলো করছ— ক্লিনিং, মেডিকেল ক্যাম্প, গাছ লাগানো— এগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। তোমরা চাইলে অনেক কিছু করতে পারো। এই পরিবেশ ঠিক রাখতে শাকসু দরকার, এটাকে নষ্ট করো না।
তিনি জানান, বিভিন্ন শিক্ষক একমতের ভিত্তিতেই নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।সংবাদ সম্মেলনে বিলম্বের কারণ, উপাচার্য জানান, ম্যাথ অলিম্পিয়াড থেকে অফিসে ফেরার পর তিনি দেখেন ছাত্রদলের একটি বড় দল তার রুমে অবস্থান করছে।তার ভাষায়— আমি ছাত্রদলকে ডাকি নাই, প্রো-ভিসিও নাই, কোষাধ্যক্ষও ডাকেন নাই। তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এসেছিল।
এসব অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল, হুমকির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, আমরা ভিসি স্যারের সঙ্গে দেখা করেছি। আমরা মবের বিরুদ্ধে। ভিসি স্যারকে কোনো হুমকি দেওয়া হয়েছে কি না— শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আমি জানি না। আমরা ভিসি স্যারের বক্তব্যের তীব্র নিন্দা জানাই।
শাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাইলেও তারিখ ঘোষণাকে কেন্দ্র করে জটিলতা আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





