জুড়ীতে এমপিওভুক্ত শিক্ষকদের সাথে মিঠুর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৬:১৪:০৯ অপরাহ্ন

জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিদ্যমান সমস্যা সম্পর্কে অবহিতকরণ ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জুড়ী উপজেলাধীন সকল এমপিওভুক্ত শিক্ষক পরিবারের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের প্রতিষ্ঠাতা ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন করতে হলে শিক্ষকমন্ডলীর দক্ষতা, প্রযুক্তি-নির্ভর পাঠদান, শিক্ষার্থীদের নৈতিক-মানসিক বিকাশ এবং অভিভাবকদের ভূমিকা—সবগুলোকে সমান গুরুত্ব দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে শিক্ষার্থীর উপযোগী পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা উৎসাহ নিয়ে শিখতে পারবে এবং ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন করবে।
মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলীর সভাপতিত্বে এবং ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. লিয়াকত আলী খাঁন, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারহানা সামছি চৌধুরী, শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তাজুর রহমান, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশ, সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুজ্জামান, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাশ, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার ও কৃষ্ণনগর-বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান প্রমুখ।





