জাফলং জিরোপয়েন্টে পাথর লুট মামলার আসামী আটক
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৯:০৯:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জাফলং জিরোপয়েন্টে পাথর লুটপাট মামলার অন্যতম আসামি আনোয়ার হোসেন (৪২)কে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই মাদকসেবী ব্যক্তিকেও আটক করা হয়।
পুলিশ জানায়, চলতি বছরের আগস্টে জাফলং জিরোপয়েন্টে ঘটে যাওয়া পাথর লুটকাণ্ডে আনোয়ার সরাসরি জড়িত এবং ঘটনার পর থেকে পলাতক অবস্থায় ছিল। তার গোপন আস্তানায় মাদক সেবনের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এর সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার জানান, রোববার গ্রেফতারকৃত আনোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পাথর লুটের মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৭-৯ আগস্ট টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০-৫০ হাজার ঘনফুট পাথর লুট করা হয়। এ ঘটনায় ১৮ আগস্ট অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।





