শান্তিময় সমাজ গড়তে সবাইকে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৫:৫৪:৪৭ অপরাহ্ন

সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, দেশের মানুষ দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশে সাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে চায়। আল্লাহর রহমতে আপনাদের ভালবাসা ও সমর্থনে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে সুখ শান্তিময় সমাজ উপহার দিতে চেষ্টা করবো। যে সমাজে থাকবেনা কোনো বৈষম্য। ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীনভাবে কাজ করতে হবে।
তিনি রোববার রাতে ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম সুন্ধিখলা গ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
ইউনিয়ন জামায়াতের সভাপতি আরাফাত রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি এমদাদুল হক মিলনের পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ওসমানীনগর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারি আনহার আহমদ, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি সামির আলী, ও সেক্রেটারি মুজিবুর রহমান। বিজ্ঞপ্তি





