বিয়ানীবাজারের সাংবাদিকদের সহযোগিতা চাইলেন অ্যাড. এমরান
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৬:০৯:৩৪ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি: গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির অব্যাহত কার্যক্রম সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে বিয়ানীবাজারে কর্মরত সব সাংবাদিকের একান্ত সহযোগিতা কামনা করেছেন সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
রোববার বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতিবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ সহযোগিতা চান।
এ সময় এমরান আহমদ চৌধুরী বলেন, বিয়ানীবাজার-গোলাপঞ্জে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষকদল ও জাসাসসহ যত অঙ্গ-সহযোগী সংগঠন রয়েছে সব ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। দু-একজনের মনে এখনো অভিমান থাকতে পারে, তবে সময়ের সঙ্গে তা দূর হয়ে যাবে এবং তারাও ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন।সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী আরও বলেন, বিএনপি ক্ষমতায় না থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করে বর্তমান সরকারের কাছ থেকে বরাদ্দ নিয়ে এসে এই দুই উপজেলায় বিভিন্ন রাস্তাঘাটসহ উন্নয়নমূলক কার্যক্রম চালাচ্ছি। সুতরাং ভালো কাজ করলে আপনারাও সহযোগিতা করবেন, মানুষও মূল্যায়ন করবেন।
মতবিনিময় অনুষ্ঠানে বিয়ানীনাজারের সাংবাদিক নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।





