সিলেট ও হবিগঞ্জে পৃথক অভিযানে ৪ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৮:১৮:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট ও হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৪ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার পৃথক অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার এবং জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অভিযানে ৫১ লক্ষ টাকার চোরাইপণ্য জব্দ করা হয়।
৫৫ বিজিবি সূত্রে জানা গেছে, ট্রাক ও কাভার্ড ভ্যানের ভেতর অভিনব কায়দায় পাথরের নিচে লুকিয়ে রাখা প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জব্দকৃত চোরাইপণ্যের মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিকস, ফুচকা ও বিভিন্ন ধরণের প্রসাধনী সামগ্রী রয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) হবিগঞ্জ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এর সত্যতা নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত ভোর রাতে হবিগঞ্জের চুনারুঘাটের ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে অভিযান চালায় বিজিবি। এসময় সাতছড়ি থেকে দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। পরে আটককৃত দুটি ট্রাকের মধ্যে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি, কসমেটিকস ও বিভিন্ন ধরণের প্রসাধনী পাওয়া যায়। অপর আরেকটি কাভার্ড ভ্যানের ভেতর থেকে ভারতীয় ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যসমুহের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান আরো বলেন, চোরা কারবারিরা এখন আগের থেকে অনেক স্মার্ট হয়েছে। তারা গাড়ির মধে ট্রেকিং ডিভাইস ব্যবহার করছে। আমরাও আমাদের নিজেদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের সঙ্গে টেক্কা দিচ্ছি।
এদিকে সোমবার ভোরে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশাবাজার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১৫০ কেজি ভারতীয় পিয়াজ, সুপারি ৯৪৫ কেজি এবং ২ টি পিকআপ আটক করে। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লক্ষ ১৬ হাজার টাকা।
রোববার সুরাইঘাট বিওপির অপর একটি দল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১১৩০ কেজি পিয়াজ এবং ১টি পিকআপ আটক করে। এসব পণ্যের বাজারমূল্য ১৬ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।
পৃথক দুটি অভিযানে জব্দকৃত মোট পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লক্ষ ৫১ হাজার ৬০০ টাকা।এ ব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার বলেন, ১৯ বিজিবি অধিনস্ত এলাকার সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস-এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





