মা হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে ২০ বছর পর গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৮:২০:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের নবীগঞ্জে নিজের গর্ভধারিনি মাকে গলা কেটে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফজল মিয়াকে ঘটনার ২০ বছর পর সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১৬ নভেম্বর) রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের বাসিন্দা। র্যাব সূত্র জানায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর পারিবারিক বিরোধের জেরে নিজ বাড়িতে মা আঙ্গুরা বেগমকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেন তিনি। হত্যার পর আঙ্গুরার দেহ ঘরের ভেতরে এবং বিচ্ছিন্ন মাথা বাইরে রেখে পালিয়ে যান ফজল। এ ঘটনায় আঙ্গুরার আরেক ছেলে আবদুর রশিদ নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির বিচার শেষে হবিগঞ্জ আদালত ফজল মিয়াকে মৃত্যুদণ্ড দেন। কিন্তু হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিনের অনুসন্ধানের পর র্যাব-৯ এর একটি দল গোয়াইনঘাটের পূর্ব জাফলং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সোমবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটকের পর ফজল মিয়াকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





