শাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৮:৪১:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে নির্বাচন ঘিরে তৎপরতা শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। নিজের মতো করে প্রার্থী হওয়ার আগ্রহ পোষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় স্বতন্ত্র প্রার্থীরা। তবে ছাত্রসংগঠনগুলো এখনো প্যানেল ঘোষণা না করলেও দীর্ঘদিন ধরে দলীয় ব্যানারে কল্যাণমূলক কাজ করছেন নেতাকর্মীরা।
জানা গেছে, ঘোষিত তফশিল অনুযায়ী শাকসুর ভোট গ্রহণ হবে আগামী ১৭ ডিসেম্বর। তফশিল ঘোষণার পর শাকসু ঘিরে কাজ শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠন। প্যানেল চূড়ান্ত ও নির্বাচনী ইশতেহার তৈরিসহ বিভিন্ন বিষয়ে ছাত্রসংগঠনগুলো ব্যস্ত সময় পার করছে।
ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাকসু নির্বাচনে প্যানেল দিতে কাজ শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠন। ইতোমধ্যে ছাত্রদল বিএনপি সমর্থিত শিক্ষক ও কর্মকর্তা এবং শাবি ছাত্রদলের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ছাত্রদল। বসে নেই ছাত্রশিবিরও। ইতোমধ্যে শাবিপ্রবি শিবিরের সাবেক জনশক্তিদের নিয়ে মতবিনিময় সভা করেছে সংগঠনটি।
শাবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান জালালাবাদকে বলেন, ছাত্রদল নির্বাচনমুখী সংগঠন। পর্যাপ্ত সময় না পাওয়া সত্ত্বেও নির্বাচনে প্যানেল দেবে ছাত্রদল। তিনি বলেন, আমরা দাবি জানিয়ে আসছিলাম জানুয়ারিতে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু প্রশাসন আমাদের দাবি উপেক্ষা করে তফশিল ঘোষণা করেছে। তবুও আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো।
শাবি শিবিরের সেক্রেটারী মাসুদ রানা তুহিন জালালাবাদকে বলেন, দীর্ঘদিন পরে হলেও শাকসু কার্যকর হতে যাচ্ছে, এটা আমাদের জন্য খুশির খবর। শাকসু ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিপুল পরিমাণ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা চাই, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নেবে। ঘোষিত তফশিল অনুযায়ী, শাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২০ নভেম্বর। ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ শেষ তারিখ ২২ নভেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এরপর ২৩ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, এটা আমাদের জন্য খুৃশির খবর। আমরা শাকসু নির্বাচন পেতে যাচ্ছি। শাকসু কার্যকরের মাধ্যমে ক্যাম্পাস রাজনীতি ইতিবাচক ধারায় ফিরবে।
তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। বিতরণ ও জমাদান ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মনোনয়ন জমাদানের শেষ তারিখ ২৬ নভেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৭ নভেম্বর। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২৮ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি ১ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২ ডিসেম্বর।নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা ওএমআর পদ্ধতিতে হবে এবং ফলাফল এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রদর্শন করা হবে। নির্বাচনের ফলাফলও একই দিন প্রকাশ করা হবে। এদিন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।





