এক যুগে সি-সেকশন ডেলিভারি বেড়েছে ৩২ দশমিক ৭ শতাংশ
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৮:৪৭:৪৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বাড়ছে হাসপাতালে সন্তান ডেলিভারির সংখ্যা। স্বাভাবিক প্রক্রিয়ায় ডেলিভারির সংখ্যা কমলেও সিজারিয়ান (সি-সেকশন) সন্তান জন্মদানের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত এক যুগে ৩২ দশমিক ৭ শতাংশ বেড়ে ২০২৫-এ হয়েছে ৫১ দশমিক ৮ শতাংশ। ২০১২-১৩ সালে এ হার ছিল ১৯ দশমিক ১ ও ২০১৯ সালে ৩৬ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের নতুন প্রকাশিত মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে-২০২৫ (এমআইসিএসুবহুনির্দেশক গুচ্ছ জরিপ) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
গত দুই বছরে জীবিত সন্তানের জন্ম দিয়েছেন এমন ১৫-৪৯ বছর বয়সী নারীদের মধ্যে সর্বশেষ সন্তান ডেলিভারি সি-সেকশনের মাধ্যমে হয়েছে এমন শতকরা হার প্রতিবেদনে দেখানো হয়েছে। প্রকাশিত জরিপ পর্যালোচনা করে দেখা যায়, ২০২৫-এ ৫১ দশমিক ৮ শতাংশ সি-সেকশন সন্তান প্রসব হয়েছে। এরমধ্যে শহরে ৫৬ শতাংশ ও গ্রামীণ পর্যায়ে ৫০ শতাংশ। গরিব জনগোষ্ঠীর চেয়ে ধনী শ্রেণীর সি-সেকশনের প্রবণতা বেশি। গরিব শ্রেণী যেখানে ৩৪ শতাংশ সেখানে ধনী শ্রেণীর হার ৬৮ শতাংশ। এছাড়া দ্বিতীয় শ্রেণীর ৪৫ শতাংশ, মধ্যবিত্ত শ্রেণীর ৫২ শতাংশ এবং চতুর্থ শ্রেণীর ৫৭ শতাংশ মানুষ ডেলিভারিতে সি-সেকশন পদ্ধতি নিয়েছে। এরমধ্যে ২০ বছরের নিচের ৫০ শতাংশ নারী এবং ২০-৩৪ বছরের ৫৩ শতাংশ নারী সিজিয়ান পদ্ধতিতে ডেলিভারি করেছে।





