৭১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ২ বিদেশি কোম্পানি
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৮:৪৯:১২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বেপজা অর্থনৈতিক অঞ্চলে নতুন শিল্প ইউনিট স্থাপনের লক্ষ্যে দুটি সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন কোম্পানির সঙ্গে জমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। কোম্পানিগুলো হালকা প্রকৌশল এবং গার্মেন্ট অ্যাক্সেসরিজ উৎপাদনে ৭০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশি মুদ্রায় (ডলার প্রতি ১২২ টাকা ধরে) যার পরিমাণ ৮৬২ কোটি টাকার বেশি।
বেপজা জানিয়েছে, এই বিনিয়োগ সম্পন্ন হলে ১ হাজার ১০৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের শিল্প বৈচিত্র্যকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে। বেপজা এবং দুই কোম্পানির (ডিজে কপার কোম্পানি লিমিটেড ও জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানি লিমিটেড) মধ্যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী হংকং-চীন মালিকানাধীন ডিজে কপার কোম্পানি লিমিটেড ৫০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে কপার তার, কপার শিট, কপার হার্ডওয়্যার, ক্যাবল লাইন, ক্যাবল তার, জিপার দাঁত, ব্রাশের তার, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ (যেমন সুইচ প্লেট, বোতাম লোগো) সহ বিভিন্ন ধরনের লাইট ইঞ্জিনিয়ারিং এবং কপার পণ্য তৈরি করবে। কোম্পানিটি তাদের অনুকূলে বরাদ্দ করা ২১ হাজার ৬০০ বর্গমিটার জমিতে নিজস্ব কারখানা ভবন তৈরি করবে এবং ৫৩৫ জন বাংলাদেশি শ্রমিক নিয়োগ করবে। অন্যদিকে, হংকং-চীন মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের গার্মেন্ট অ্যাক্সেসরিজ যেমন জিপার, ওয়াইজি স্লাইডার, জিঙ্ক অ্যালয় স্লাইডার, বোতাম, স্ন্যাপ বোতাম, লোগো, বেল্ট বাকল ইত্যাদি উৎপাদনে ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। তারা ১৪ হাাজর ৪০০ বর্গমিটার জমিতে কারখানা নির্মাণ করবে এবং ৫৭০ জন বাংলাদেশিকে কর্মসংস্থান দেবে।





