শেখ হাসিনার ফাঁসির আদেশ, কামালেরও ফাঁসি, মামুনের ৫ বছরের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৫, ১২:০৫:৪১ অপরাহ্ন
পৃথিবীর যেকোনো আদালতে একই শাস্তি হতো : চীফ প্রসিকিউটর

জালালাবাদ রিপোর্ট: পিতার মৃত্যুর পর রাজনীতির মঞ্চে চার দশকের বেশি বিচরণ, টানা দেড় দশকের বেশি সময় ধরে কর্তৃত্ববাদী শাসন, গুম-খুনসহ নানা কর্মকাণ্ডের পর জুলাইয়ে দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা, এরপর গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত। যে ট্রাইব্যুনাল তিনি নিজেই গঠন করেছিলেন, সেই ট্রাইব্যুনালেরই ফাঁসির আদেশ হলো তাঁর।
জুলাই আন্দোলনের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন। তাঁর সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে। পাঁচ বছর কারাদণ্ডাদেশ হয়েছে বাকি আসামি সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের।
৭৮ বছর বয়সী শেখ হাসিনার অনুপস্থিতিতে এই রায় হয়। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের ৫ আগস্ট তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে ওঠেন। এখনো সেখানেই রয়েছেন তিনি। পলাতক থাকায় এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ তিনি পাচ্ছেন না বলে ট্রাইব্যুনালের কৌঁসুলিরা জানিয়েছেন।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার রায়ে এই আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই রায় ৪৫৩ পৃষ্ঠার এবং ছয় ভাগে রায় ঘোষণা হয়।
আদালত বলেছেন, হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। পাঁচটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্য একটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’আদালত আরও জানিয়েছেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। সেজন্য ট্রাইব্যুনাল তাকে লঘুদণ্ড হিসেবে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে।
হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। একইসঙ্গে তিনি বলেছেন শেখ হাসিনাকে এ দেশে প্রত্যাপর্নের জন্য ভারতের কাছে আবারও চিঠি দেবে সরকার।
জুলাই বিপ্লবের শহীদেরা ন্যায়বিচার পেয়েছে, রাষ্ট্র ন্যায়বিচার পেয়েছে। রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এই প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন। আদালতে উপস্থিত ছিলেন- নিহত সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামছি আরা জামান, মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধসহ শহিদ পরিবারের কয়েকজন সদস্য। এছাড়াও ছিলেন জুলাই-অগাস্টে আহতের কয়েকজন। উপস্থিত দেখা গেছে, ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদসহ কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকেও।
যে কারণে মৃত্যুদণ্ড :
যে মামলার রায় হয়েছে, এই মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল। সেগুলো হলো উসকানিমূলক বক্তব্য প্রদান; প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সব অভিযোগেরই প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর মধ্যে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শেখ হাসিনার শাস্তি হয়েছে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ প্রমাণিত হওয়ায়।
ড্র্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত, হেলিকপ্টার ব্যবহার করে গুলি, প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল এবং চানখাঁরপুল ও আশুলিয়ায় গুলি করে হত্যার অপরাধে তাঁকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও চানখাঁরপুল ও আশুলিয়ায় গুলি করে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি, তৎকালীন পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আলুমামুনের শাস্তি হয়েছে পাঁচ বছর কারাদণ্ড। অপরাধ প্রমাণে সহায়তা করায় তাঁর শাস্তির মাত্রা কম বলে জানিয়েছেন বিচারক।আল-মামুন নিজের দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছিলেন। তিনি জবানবন্দিতে বলেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি ‘লেথাল উইপন’ (মারণাস্ত্র) ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ১৮ জুলাই শেখ হাসিনার ওই নির্দেশনা তিনি পেয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে।
সাড়ে চার শ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ দুই ঘণ্টার বেশি সময় ধরে একাদিক্রমে পড়েন তিন বিচারক। রায়ের সময় শেখ হাসিনাসহ আসামিদের অপরাধের প্রমাণ হিসেবে আমলে নেওয়া ফোনালাপের রেকর্ড শোনানো হয়, জুলাই সহিংসতা নিয়ে জাতিসংঘ প্রতিবেদনও উপস্থাপন করা হয়।
রায়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খানের সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি জুলাই শহীদদের পরিবারকে এবং আহতদের ক্ষতিপূরণ দিতেও বলা হয় রায়ে।
যা বললেন চিফ প্রসিকিউটর :
এই মামলার রায় ‘সাজানো’ বলে আগে থেকেই বলে আসছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। তবে রায়ের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন, তাঁরা যে সাক্ষ্যপ্রমাণ দিয়েছেন, পৃথিবীর যেকোনো আদালতে একই শাস্তি হতো।
তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম বলেন, ‘যে ধরনের সাক্ষ্যপ্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে, বিশ্বের যেকোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্যপ্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যেকোনো আদালতে এই সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হলে আজ যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই একই শাস্তিপ্রাপ্ত হবেন। ট্রাইব্যুনালের প্রথম রায়ের প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর সন্তোষ জানিয়ে তিনি বলেন, শহীদ পরিবার, যাদের ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ হবে না, তাদের সামনে অন্তত একটা ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।





