সুনামগঞ্জ হাসপাতালের কর্মীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৫, ৭:০৬:১৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্মরত কর্মচারীর উপর কতিপয় দুষ্কৃতকারী কর্তৃক হামলার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ হাসপাতালের দাবিতে মানববন্ধন করেছে কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে হাসপাতালের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালের সিরিয়াল ভেঙে এক্সরে করতে না দেয়ায় এক্সরে কর্মী পিয়ালকে মারধোর করা হয়েছে। এমন হামলার ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। কোনো সরকারি কর্মচারীর গায়ে হাত তোলার অধিকার কারও নেই। চিকিৎসক ও কর্মচারীদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে পড়েছে। বক্তারা চিকিৎসক-কর্মচারীদের সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।
আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও জুবায়ের হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, ডা. বিষ্ণ প্রসাদ চন্দ, ডা. অলক সাহা, ডা. শফিকুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স আমেনা আক্তার, মোহাম্মদ সাদেক হোসেন ও আফজালুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সোমবার সুনামগঞ্জ সদর হাসপাতালের এক্সরে রুমে সিরিয়াল ভেঙে আগে এক্সরে করার সুযোগ না দেয়ায় পিয়াল হোসেন নামের এক কর্মীকে মারধরের ঘটনা ঘটে। ঘটনার পর পিয়াল হোসেন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে পৌরশহরের হাসননগরের বাসিন্দা আপ্তাব উদ্দিনের দুই ছেলে ফরহাদ ও শিমুলকে অভিযুক্ত করা হয়েছে।





