সাগরে ফের লঘুচাপের শঙ্কা
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৫, ৭:৪৮:৩৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বঙ্গোপসাগরে আগামী শনিবারের মধ্যে ফের লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থার করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী শনিবার (২২ নভেম্বর) পর্যন্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
পূর্বাভাসে বলা হয়, বুধবার সকাল ৯টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। একই সময়ে ভোরের দিকে সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে। আগের মতো প্রায় অপরিবর্তিত থাকবে রাত এবং দিনের তাপমাত্রা।





