জকিগঞ্জ সীমান্তে ইয়াবার বড় চালান জব্দ
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৫, ৯:১৭:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবার বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। মঙ্গলবার ভোররাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অভিযানে এসব ইয়াবা জব্দ করা হয়। সাম্প্রতিক কালে সিলেট সীমান্তে এটিই ইয়াবার সবচেয়ে বড় চালান। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার দুপুরে এর সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার।
বিজিবি জানায়, মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্তজুড়ে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরিষাকুড়ি সীমান্ত দিয়ে ইয়াবার বড় একটি চালান দেশে প্রবেশের খবর পেয়ে মানিকপুর বিওপির একটি টহলদল রাত সাড়ে ১২টার দিকে এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় দেড়টার দিকে টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারী একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। টহল দল ব্যাগটি তল্লাশি করে ১৯ হাজার ১০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে।
যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৭ লাখ ৩০ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত ইয়াবার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।





