শাহ আরেফিনের পাথর আটকাতে এবার রাস্তা ব্যারিকেড
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ৬:১৮:১২ অপরাহ্ন

আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ: গত একমাস ধরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে চলছে পাথর উত্তোলন। মেশিন দিয়ে পাথর উত্তোলন করে ইতিমধ্যে শাহ আরেফিনের মাজার ধ্বংস করা হয়েছে। এই পাথর ট্রাক্টর দিয়ে পরিবহন করে নিয়ে আসা হয় ভোলাগঞ্জের বিভিন্ন ক্রাশার মিলে। এবার পাথর উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসন নিয়েছে অভিনব কৌশল। যে রাস্তা দিয়ে পাথর পরিবহন করা হয় সেই রাস্তায় ট্রাক্টর আটকাতে দেওয়া হয়েছে স্থায়ীভাবে লোহার পাইপের ব্যারিকেড। এছাড়াও শাহ আরেফিন টিলার সাথে সংযুক্ত সকল রাস্তা এস্কেভেটর দিয়ে কেটে দেওয়া হবে। যাতে টিলা থেকে কোনো গাড়ি বের হতে না পারে।
শাহ আরেফিনের পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে পাথর উত্তোলন পরিবহন মজুদ ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকায় প্রায় ১৫ জনকে জেল জরিমানা দেওয়া হয়েছে। তারপরেও বন্ধ হচ্ছে না শাহ আরেফিনের পাথর উত্তোলন।
গত ১০ নভেম্বর শাহ আরেফিন টিলা পরিদর্শনে আসেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। তিনি এসময় বলেন, যে কোনো মূল্যে বন্ধ করা হবে শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলন। সেই সাথে আইনের আওতায় আনা হবে দুষ্কৃতকারীদের। জেলা প্রশাসকের এমন হুঁশিয়ারীর পর কিছুটা বন্ধ হয় পাথর উত্তোলন। পাথরের গর্ত থেকে উঠিয়ে নেওয়া হয় লিস্টার মেশিন। তবে এরমধ্যেও ব্যতিক্রম ছিলেন দু-চারজন, যারা ডিসির হুঁশিয়ারীর পরেও মেশিন দিয়ে পাথর উত্তোলন করতে থাকেন।
খোঁজ নিয়ে জানা যায়, জালিয়ারপাড়ের বাবুল আহমদ ও চিকাডহরের আব্দুর রহিম চালিয়ে যান এই দুঃসাহসী কাজ। তারা শাহ আরেফিনের মাজার ও মাজারের আশপাশ থেকে মেশিন দিয়ে পাথর উত্তোলন করতে থাকেন। তাদের দেখাদেখি অন্যরাও পাথরের গর্তে মেশিন বসাতে শুরু করে। ইতিমধ্যে প্রায় ১৫/১৭টি গর্তে মেশিন বসানো হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা প্রশাসকের নির্দেশে শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলন বন্ধ করতে রাস্তায় লোহার পাইপ দিয়ে ব্যারিকেড দিয়েছে উপজেলা প্রশাসন। সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে শাহ আরেফিনের রাস্তার সংযোগ স্থানে বসানো হয়েছে এই ব্যারিকেড। দুপাশে লোহার খুঁটি ও উপরে লোহার পাইপ দিয়ে বসানো এই ব্যারিকেড দিয়ে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে পারবে। তবে বড় গাড়ি পার হতে হলে উপরের লোহার পাইপ খুলে দিতে হবে। এজন্য সেখানে আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, শাহ আরেফিন টিলার পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। এর মধ্যে আমরা প্রায় ১৫ জনকে আটক করে জেল দিয়েছি। নতুন করে মামলা দেওয়া হলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, শাহ আরেফিন টিলার পাথর যাতে কেউ পরিবহন করতে না পারে সেজন্য আমরা রাস্তায় ব্যারিকেড দিয়েছি। তাছাড়া শাহ আরেফিন টিলার সাথে সংযুক্ত সকল রাস্তা এস্কেভেটর দিয়ে কেটে দেওয়া হবে। ইউএনও আরো জানান, নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনের সুবিধার্তে ব্যারিকেডটি তালা সিস্টেম করা হয়েছে। আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রয়োজনমতো তারা তালা খুলে গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিবেন।





