প্রশিক্ষণ থেকে বাস্তবসম্মত জ্ঞান অর্জন করতে হবে : শাবি ভিসি
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ৮:৫২:০৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতে শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই। শুধু প্রশিক্ষণে অংশগ্রহণ করলেই হবে না, সেখান থেকে বাস্তবসম্মত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তিনি গতকাল বুধবার সকাল ১১টায় শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের শিক্ষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক ‘Teaching, Learning and Management’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ এবং রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ।
অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী আরও বলেন, আপনারা আজ এমন একজনকে রিসোর্স পারসন হিসেবে পেয়েছেন যিনি দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন। আমি যখন বিশ্ববিদ্যালয়ে যোগ দেই তখনও দেখেছি স্কুলের সার্বিক অবস্থার তেমন উন্নত ছিল না। তবে এখন আপনারা দেখছেন, স্কুল ভবনের উন্নয়নকাজ চলছে, যা সম্পন্ন হলে সবাই উপকৃত হবেন। স্কুলটি ক্রমেই এগিয়ে যাচ্ছে, উন্নতির ধারায় রয়েছে। আশা করি, আপনারা এ প্রশিক্ষণ থেকে বাস্তবসম্মত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন।
শাবিপ্রবির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ বলেন, আমার দায়িত্বকালে আমি সকল যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিয়েছি। যার সুফল আজ সবাই প্রত্যক্ষ করছেন। আমি বিশ্বাস করি, বর্তমান ভাইস চ্যান্সেলর ও গভর্নিং বডির সভাপতির দক্ষ নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি সিলেটের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) দিগ্বিজয় চক্রবর্তী।





