সুনামগঞ্জে দেড় কোটি টাকার কাপড় ও কসমেটিকস জব্দ
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৭:৩২:২৮ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সদর উপজেলার মইনপুর এলাকায় টাস্কফোর্সের যৌথ অভিযানে ভারত থেকে চোরাইপথে আনা বিপুল পরিমাণ কাপড় ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে ২৮ বিজিবি। বুধবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত একটি গোদামঘর ও সুরমা নদীতে থাকা একটি কাঠবডি ইঞ্জিনচালিত নৌকা থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস এবং ১৯৫ পিস কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, চোরাইপথে আনা এসব পণ্য শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।





