শাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৮:৪৩:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই ভোটার তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, শাকসুর মোট ভোটার ৯ হাজার ৪৪৪জন। এর মধ্যে শাহপরান হলে ২ হাজার ৩৭৪জন, বিজয় ২৪ হলে ২ হাজার ৪১৭জন, সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ২৫৪জন, আয়েশা সিদ্দিকা হলে ১ হাজার ৬৪৯জন, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে ১ হাজার ৩৯৩জন ও ফাতেমাতুজ জোহরা হলে ৩৫৭জন ভোটার রয়েছেন।
তফসিল অনুযায়ী ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ শেষ শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। বিতরণ ও জমাদান ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মনোনয়ন জমাদানের শেষ তারিখ ২৬ নভেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৭ নভেম্বর।
এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২৮ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি ১ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২ ডিসেম্বর। আগামী ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের ফলাফলও একই দিন প্রকাশ করা হবে।





