৪১ বছর পর জামায়াতের প্রস্তাবেই ঐকমত্য হলো: শিশির মনির
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৮:৫৫:১৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখায় আছে, সর্বশেষ সাবেক প্রধান বিচারপতি সরকারপ্রধান হবেন। যেহেতু এটি আগামী সংসদ থেকে কার্যকর হবে, তাই জুলাই সনদ পাস হলে সরকারের কাঠামোয় আমূল পরিবর্তন আসতে পারে বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শিশির মনির। বৃহস্পতিবার সকালে দেশের সর্বোচ্চ আদালতে ত্রয়োদশ সংশোধনীর মামলার রায়ের পরে সুপ্রিম কোর্ট চত্বরে এ কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তিনি বলেন, ৪১ বছর পর জামায়াতের প্রস্তাবেই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐকমত্য হলো সবাই। তার কার্যকারিতা থাকবে প্রস্পেক্টিভলি অর্থাৎ চতুর্দশ সংসদের যে নির্বাচন হবে সেই সময় থেকে। আর এ ব্যাপারে আমাদের কথা হলো ১৯৮৪ সালের পর আজ থেকে ৪১ বছর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম চাপ দেওয়া হয়েছিল। এই জাতি অনেক পানি ঘোলা করেছে, অনেক অসম্মান হয়েছে, অনেক মানুষের জীবন গেছে।
এই আইনজীবী আরও বলেন, ৪১ বছর পরে আবার সবাই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে। জামায়াত সে সময়ই বলেছিল-গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা একটি থেকে আরেকটিকে আলাদা করা যাবে না।
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করে আনা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ১৪ বছর আগে দেওয়া রায় পুরোটাই বাতিল করেছেন আপিল বিভাগ। ওই রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর ও এ-সংক্রান্ত রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন নিষ্পত্তি করে গতকাল রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার-সম্পর্কিত বিধানাবলি এই রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত বিধানাবলি ভবিষ্যৎ প্রয়োগ যোগ্যতার ভিত্তিতেই কার্যকর হবে বলে রায়ে এসেছে।
শিশির মনির বলেন, জুলাই সনদ চারটি অপশন দিয়ে গণভোটে পাঠানো হচ্ছে। এই চার অপশন গণভোটে পাস হলে এবং নতুন সংসদের সংবিধান সংস্কার সভায় গৃহীত হলে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোয় আমূল পরিবর্তন আসতে পারে। তবে এটা নির্ভর করবে জুলাই সনদ গণভোটে পাস হলো কি না, আর পাস হওয়ার পর সংবিধান সংস্কার পরিষদ তা গ্রহণ করবে কি না তার ওপর।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চতুর্দশ সংসদ নির্বাচনের সময় থেকে কার্যকর হবে জানিয়ে শিশির মনির বলেন, রায়ে বলা হয়েছে, সংসদ ভেঙে যাওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এখন যেহেতু সংসদ নেই, তাই এই বিধান আপাতত কার্যকর হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এটি কার্যকর হবে না। এটি ভবিষ্যতে কার্যকর হবে।
এই আইনজীবী বলেন, রায়ে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে অতীতে দেওয়া রায় কলঙ্কিত ছিল।





