সিকৃবিতে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৫:৪১:২২ অপরাহ্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের ই-রিসোর্স সেন্টারে সিকৃবি কর্মকর্তাদের দুই দিনব্যাপি ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
শুক্রবার সিকৃবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. আব্দুর রশিদ সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা ও আইসিটি সেলের পরিচালক প্রফেসর ডা. মো. রফিকুল ইসলাম।
দুই দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ডি-নথির বাস্তবায়ন প্রয়োজন। ডি-নথির মাধ্যমে যেকোনো স্থানে, যেকোনো সময় পেপারলেসভাবে ফাইল প্রক্রিয়াকরণ ও অনুমোদন সম্পন্ন করা যাবে। এতে সময়ের অপচয় রোধ এবং কাগজের সাশ্রয় হবে। একই সাথে প্রশাসনিক ও একাডেমিক ক্ষেত্রে কাজের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে। দুইদিন ব্যাপী প্রশিক্ষণে ২৫ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। বিজ্ঞপ্তি





