ফেঞ্চুগঞ্জে ১০ লাখ টাকার জিরা আটক
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৬:১১:৪৩ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জে ১০ লাখ টাকার ভারতীয় জিরা আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চানপুর এলাকার রাজ ফিলিং স্টেশনের সামনে থেকে থানা পুলিশ ট্রাকসহ মসলাপণ্য জিরা আটক করে। ভারতীয় পণ্যবোঝাই ট্রাক থেকে ৩০ কেজি ওজনের ৮০ বস্তা ভারতীয় জিরা জব্ধ করা হয়। সুরুজ প্রিমিয়াম মেশিন ক্লিন জিরা লেখা সম্বলিত ভারতীয় এ মসলা পণ্যের বাজার মূল্য ১০ লাখ ৮ হাজার টাকা। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-সিলেটের জৈন্তাপুর উপজেলার শিকার খাঁন গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩০) এবং সিলেট শাহপরান থানার পুরানবাড়ী গ্রামের ছালেক মিয়ার ছেলে কবির আহমদ (২০)। তাদের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চানপুরে পুলিশ চেকপোস্ট বসিয়ে ভারতীয় মসলা জিরা বোঝাই ট্রাক আটক করা হয়। সীমান্ত এলাকা থেকে জিরা নিয়ে ট্রাকটি মৌলভীবাজার যাচ্ছিল। চোরাচালানের সাথে জড়িত গ্রেফতার হওয়া দুইজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন বলে তিনি জানান।





