মেট্রোরেল লাইন থেকে দুটি ককটেল উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৯:২৭:৪৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : রাজধানীতে মেট্রোরেল লাইনের ওপর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এই সময়ে চলাচল বন্ধ ছিল বলে কোনো দুর্ঘটনা ঘটেনি। পুলিশ জানায়, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের কাজীপাড়া মেট্রোস্টেশনের কাছে লাইনের ওপর থেকে ককটেলগুলো উদ্ধার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। সকালে মেট্রোরেলের ট্র্যাক বা লাইন পরীক্ষা করার সময় ককটেল দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মেট্রোরেল পুলিশে কর্তব্যরত এক কর্মকর্তা বলেন, সকাল আটটার দিকে কাজীপাড়া এলাকায় ২৮৮ ও ২৮৯ নম্বর পিয়ারের মাঝামাঝি ফ্ল্যাটলাইনে দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। পরে বোমা নিষ্ক্রিয়করণ একটি ইউনিট এসে সেগুলো অপসারণ করে। মেট্রোরেল প্রতিদিন সকাল থেকে চললেও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার চলাচল শুরু হয় দুপুরের পর। এই ককটেল রাখার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তা কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের মামলার রায়কে কেন্দ্র করে সপ্তাহখানেক ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণ ঘটছে। পুলিশ এর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করছে।





