সরকারি মাধ্যমিকে ভর্তি আবেদন শুরু
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৯:৪৩:২২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে এই আবেদন শুরু হয়। ভর্তির আবেদন গ্রহণ শেষ হবে আগামী ৫ ডিসেম্বর বিকাল ৫টায়।
মাউশির জারি করা সার্কুলার অনুযায়ী, এবার দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মহানগর, জেলা সদর এবং উপজেলা সদরে অবস্থিত সরকারি বিদ্যালয়ের ভর্তি ফরম অনলাইনে পূরণ করতে হবে। গত ১৩ নভেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি নীতিমালা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এছাড়া গত বুধবার (১৯ নভেম্বর) বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের ভর্তি নীতিমালা প্রকাশ করে।
ভর্তি নীতিমালা অনুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে প্রার্থীরা অনলাইনে https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে পারবেন।





