আ. লীগের আগুন সন্ত্রাসীদের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে : সামসুজ্জামান জামান
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৭:০৬:৩২ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, জুলাই বিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী গোষ্ঠী সারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য নির্বাচন বানচাল করা এবং একটি অপশক্তিকে পুনরায় বাংলাদেশের বুকে চাপিয়ে দেওয়া। তবে হযরত শাহজালাল (রহ.)-এর পুণ্যভূমি সিলেট থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই-এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
শুক্রবার বিকেলে সিলেট নগরীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশ শেষে অ্যাডভোকেট জামানের নেতৃত্বে একটি বিশাল মিছিল নগরীর মিরাবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন উজ্জ্বলের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক পরিবহণ বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান জোয়াহির, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা সফর আলী, সোহাগ আহমদ, জেলা বিএনপি নেতা রুজেল আহমদ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি অর্পণ ঘোষ প্রমুখ।
কর্মসূচির শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাজী আবুল কালাম। এছাড়াও সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।





