সুনামগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৮:১১:৩৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণের একটি গাছ থেকে সুজন মিয়া (২২) নামের এক রিকশাচালক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত সুজন মিয়া নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নয়াচৈতা গ্রামের সঞ্জু মিয়ার ছেলে। তিনি সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায় বসবাস করতেন।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। কারণ, এত উঁচুতে সাধারণত জোর করে কেউ কাউকে তুলে ফাঁস লাগাতে পারবে না। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।





