মাধবপুরে গাঁজাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৮:৪৮:০১ অপরাহ্ন
সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ ইব্রাহিম মিয়া টিটু (৪০) নামের একজনকে আটক করেছে র্যাব। শনিবার ভোরে র্যাব-৯, সিপিসি-৩-এর একটি অভিযানিক দল উপজেলার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আটক ইব্রাহিম ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
সিলেট র্যাব ৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল জানান, ভোর ৪টা ২০ মিনিটের দিকে গোপন সূত্রে রসুলপুর গ্রামের একটি ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নেওয়ার খবর পাওয়া যায়।
৪টা ৫০ মিনিটের দিকে সেখানে অভিযান চালিয়ে ইব্রাহিম নামের একজনকে আটক করে র্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাতটি পাটের বস্তায় তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাদকসহ আটক ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্যা বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা শেষে শনিবার দুপুরে হবিগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগার পাঠানো হয়েছে।




