কুলাউড়ায় প্যারটস বিজয়ী মেধাবৃত্তির পুরষ্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৬:২০:০৭ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: প্যারটস একাডেমি কুলাউড়া কর্তৃক আয়োজিত ‘প্যারটস বিজয়ী মেধাবৃত্তি ২০২৫’ ফলাফল ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ফলাফল ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্যারটস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এস এম নাসিরের সভাপতিত্বে ও শিক্ষার্থী বর্ষা ও সূচির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান, উপজেলা বিএনপি সম্পাদক মো. বদরুজ্জামান সজল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর, প্রধান শিক্ষক মো. শাহিদুর রহমান লনু, প্রধান শিক্ষক মো. শাহেদ আলী, প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৫টি বিভাগের ৪৬৩ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও চকলেট বিতরণ করা হয়। এছাড়াও বিজয়ী শিক্ষার্থীরা প্যারটস একাডেমির সকল কোর্সে ৭০% থেকে ৫০% স্কলারশিপ অর্জন করেন।
প্যারটস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এসএম নাসির জানান, এই প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য উৎসাহ, প্রেরণা এবং শিক্ষাগত সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের ভবিষ্যৎ অর্জনে সহায়ক হবে। তিনি আরো জানান ১৪ নভেম্বর অনুষ্ঠিত মেধাবৃত্তিতে কুলাউড়া উপজেলার ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৭টি কিন্ডারগার্টেন, ২৬টি উচ্চ বিদ্যালয়, ৯টি মাদ্রাসা ও ৭টি কলেজের মোট ২৪৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পুরস্কার অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।





