বিয়ানীবাজার-গোলাপগঞ্জের অবহেলার প্রতিশোধ নিতে আমি প্রার্থী হয়েছি : সেলিম উদ্দিন
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৬:৩৭:৫২ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আমি প্রতিশোধ নিতে প্রার্থী হয়েছি, বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের মানুষের সাথে বিগত ৫৪ বছরে যে অন্যায় অবিচার ও বৈষম্য করা হয়েছে তার বদলা নিতে আমি প্রার্থী হয়েছি। আমাকে নির্বাচিত করে দেখেন তিন বছরে আপনাদের না পাওয়া অনেক আক্ষেপ ঘুচিয়ে দিবো।
তিনি শনিবার সন্ধ্যায় বিয়ানীবাজার পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত যুব বিভাগের ব্যবস্থাপনায়, ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রেকর্ড সংখ্যক নেতাকর্মীর সামনে তিনি মানুষের কল্যাণে নিজের রক্ত দিয়ে হলেও তার ওয়াদা রক্ষা করবেন জানিয়ে আরও বলেন, আমি মানুষের জন্য তৈরি সরকারের ফান্ডকে কাজে লাগিয়ে এই এলাকার উন্নয়নে কাজে লাগাবো, পাশাপাশি নিজের শুভাকাঙ্খী ও ব্যক্তিগত পক্ষ থেকে মানুষের সুবিধার জন্য সামর্থ অনুযায়ী সর্বোচ্চ করার চেষ্টা করবো।
বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর ফয়জুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচিত জিএস, ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ।
তিনি তার বক্তব্যে বলেন, আমরা এমন কাউকে নির্বাচিত করবো না যিনি নির্বাচিত হয়ে চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, নিজের দলের কর্মীকে হত্যা করেন। আমরা সৎ, যোগ্য দুর্নীতিমুক্ত নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করবো। আমার বিশ্বাস সেলিম ভাই আপনাদের সেই আকাংঙ্খা বাস্তবায়নে কাজ করতে পারবেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বিয়ানীবাজার পৌর জামায়াতের আমীর কাজি জমির হোসেন। সেলিম উদ্দিনের বিভিন্ন সামাজিক কর্মকান্ড এবং আগামীর পরিকল্পনা সম্পর্কিত প্রেজেন্টেশন তুলে ধরেন সাবেক ছাত্রনেতা, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মো. রুকন উদ্দিন।
পুরো সমাবেশ মাতিয়ে রাখে শুদ্ধ সাংস্কৃতিক সংগঠন সাইমুম, দিশারী ও কান্ডারি শিল্পীগোষ্ঠী। এর আগে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিয়ানীবাজার পৌর শহরে শোডাউন দেন মোহাম্মদ সেলিম উদ্দিন।





