দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অর্পিত দায়িত্ব পালন করতে হবে : আনসার উপমহাপরিচালক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৮:২৬:২৭ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে সারাদেশের ন্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের ৩টি জেলায় ২৯টি উপজেলা হতে বাছাইকৃত সদস্যদের নিয়ে রোববার থেকে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী উপজেলা থানা আনসার আনসার প্লাটুন মৌলিক প্রশিক্ষণের ৬ষ্ঠ ধাপ।
সিলেট জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।
প্রধান অতিথির বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সর্বোচ্চ শৃঙ্খলা প্রদর্শন করে গভীর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের দেশের সম্পদ হিসেবে তৈরি করতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেবল দক্ষতা অর্জনের জন্য নয়, বরং জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রস্তুতি। তিনি আনসার-ভিডিপি সদস্যদের ‘জনগণের সবচেয়ে কাছের সহায়ক শক্তি’ হিসেবে আখ্যায়িত করে তাদের সততা এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনের নির্দেশনা প্রদান করেন।
উপমহাপরিচালক বিশেষভাবে জোর দিয়ে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদস্যদের আরও দক্ষ, দায়িত্বশীল ও চৌকস করে গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনকালে আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভোট কেন্দ্রে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে প্রিজাইডিং অফিসারের নির্দেশনা মোতাবেক ভোট কেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন, গুজব প্রতিরোধে কাজ করবেন, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের পরিচালক মো. এনামুল খান বিভিএমএস, সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) তানিয়া আক্তার, সহকারী জেলা কমান্ড্যান্ট ফাতেমা তুজ জোহরা এবং সার্কেল অ্যাডজুট্যান্ট ফারুক হোসেইন।
উল্লেখ্য, এই প্রশিক্ষণে সিলেট রেঞ্জের ৩টি জেলায় মোট প্রায় ৪৮৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করবেন, যার মধ্যে সিলেট জেলার ১৬০ জন, হবিগঞ্জ জেলার ১৭৬ জন এবং মৌলভীবাজার জেলার ১৫০ জন। বিজ্ঞপ্তি





