৪০ দপ্তরের বিরুদ্ধে সেবাবঞ্চিত সংক্ষুব্ধ মানুষের নানা অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৯:০৮:০৬ অপরাহ্ন
সৎ লোক নির্বাচিত হলে দুর্নীতি কমবে : দুদুক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে রোববার সিলেটে ১৯১তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর-সংস্থাসমূহে সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে এ গণশুনানিতে নানা-শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
গণশুনানিতে ৪০টি সরকারি দপ্তরের বিরুদ্ধে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগ কমিশনের সামনে তুলে ধরেন। সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের উপস্থিতিতে উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব অভিযোগ যাচাই-বাছাই করে যথাযথ নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়। জানা গেছে, হয়রানি বা বঞ্চনার শিকার হওয়া নাগরিকরা মোট ৭৩টি অভিযোগ করেন।
রোববার সিলেটে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
এসময় তিনি বলেন, এ আয়োজন কারোর বিরুদ্ধে নয়। গণশুনানির উদ্দেশ্য হচ্ছে সরকারি সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে যোগসূত্র তৈরি করা। সেবা প্রদানকারী দপ্তরগুলো সেবাগ্রহীতাদের যথাযথভাবে সরকারি সেবা পৌঁছে দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নতুন বাংলাদেশে জনগণের প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, ৫ আগস্টের পর সবাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। নতুন বাংলাদেশ নিয়ে মানুষের প্রত্যাশা ও জনআকাঙ্খা পূরণ করতে না পারলে তা হবে চরম ব্যর্থতা ও জাতির সাথে প্রতারণা। তাই দুর্নীতিকে রুখে দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।
চেয়ারম্যান বলেন, দুর্নীতিকে আমরা নিয়ম বানিয়ে অভ্যস্ত হয়ে পড়ছি। দুর্নীতিকে নিয়ম মনে করার এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এখন আমাদের ছেলে-মেয়েরা সচেতন। তারা কোন একদিন বাড়তি আয় সম্পর্কে প্রশ্ন করলে জবার দেওয়ার সুযোগ থাকবে না। আমরা কেউই নিজ সন্তানের কাছে মাথা নিচু করে থাকতে চাই না।
নির্বাচনী হলফনামায় সম্পদ বিবরণী কারচুপির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অসৎ লোক নির্বাচন করতে চাই না। অসৎ লোকই কেবল হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে থাকে। সৎ লোক নির্বাচিত করলে অনিয়ম, দুর্নীতি অনেকাংশে কমে আসবে। এসময় তিনি শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গণশুনানিতে স্বশরীরে হাজির হয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন সড়কের কাজে ধীরগতি, অনিয়ম এবং সিলেট-ঢাকা রুটে বিমানের টিকিটের উচ্চমূল্যসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানান।
গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, সচিব মোহাম্মদ খালেদ রহীম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, সিলেটের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার মুঃ মাসুদ রানা ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। এসময় মডারেটরের দায়িত্ব পালন ও সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।





