গণমাধ্যমকর্মীরা দুর্নীতির বিরুদ্ধে মূল হুইসেল ব্লোয়ার : দুদক চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৯:১০:০২ অপরাহ্ন

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, গণমাধ্যমকর্মীরা দুর্নীতির বিরুদ্ধে মূল হুইসেল ব্লোয়ার। আমরা অনেক দুর্নীতির খবর গণমাধ্যম থেকে জানতে পারি। সাংবাদিকরা সচেতন থাকলে সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে যেকোনো ধরনের দুর্নীতি কমে আসবে।
তিনি রোববার সিলেটের আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
দুদক স্বাধীনভাবে কাজ করতে পারছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বা আমার কমিশনের উপর কারও চাপ নেই। আমরা চাপমুক্তভাবে কাজ করছি। দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যে দল বা মতাদর্শেরই হোক না কেন দুদকের শিডিউল অনুযায়ী অভিযুক্ত হলেই তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে দুদক এর কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম, মহাপরিচালক মো. আকতার হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





