সীমান্তে বিজিবির সাড়ে ৫ কোটি টাকার চোরাইপণ্য জব্দ : আটক ২
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৯:২৬:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্ত থেকে পৃথক অভিযানে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শনিবার ও রোববার সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবি ও জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির পৃথক অভিযানে এসময় ইয়াবাসহ ১ মাদককারবারি ও ১ চোরাকারবারিসহ ২ জনকে আটক করা হয়।
রোববার দুপুরে পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক ও জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার।
৪৮ বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ও রোববার ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী সংগ্রাম, বিছনাকান্দি, কালাইরাগ, সোনালীচেলা ও বাংলাবাজার বিওপি এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় মহিষ, গরু, পেঁয়াজ, বিড়ি, শীতের কম্বল, বিভিন্ন ধরনের ফল, পাথর উত্তোলনকারী নৌকা, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন চোরাইপণ্য জব্দ করা হয়। একই সময়ে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করে বিজিবি।
এছাড়া শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় সানগ্লাস, কিটক্যাট চকলেট ও এসব পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে। সবমিলিয়ে জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৪ লাখ টাকা।
এদিকে, ১৯ বিজিবি সূত্র জানিয়েছে, শনিবার দিবাগত রোববার ভোর রাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধীনস্থ জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার সীমান্ত হতে আনুমানিক ২ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে চাংগিল নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন একটি ট্রাককে থামানোর সিগন্যাল দেয়। ট্রাকটি সিগন্যালকে উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চলন্ত ট্রাকটিকে ধাওয়া দিয়ে আনুমানিক ভোর ৪ টায় সিলেট-তামাবিল মহাসড়ক হতে ১ জন আসামীসহ ট্রাকটি আটক করে। ট্রাকে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্ (পন্ডস ফেসওয়াশ, নেভিয়া সফট ক্রিম, গার্নিয়ার ব্রাইট ফেসওয়াশ, মেহেদী, ক্লোপ জি ক্রিম, মেলনোর ক্রিম ইত্যাদি) ১ কোটি ৩৫ লক্ষ ২৭ হাজার টাকার চোরাইপণ্য জব্দ করে।
এছাড়াও রোববার সকালে সুরাইঘাট ও জৈন্তাপুর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু ৮ টি, ১৪০ বিড়া পান এবং ২৪০ কেজি সুপারিসহ ৬ লক্ষ ২৯ হাজার টাকার চোরাইপণ্য জব্দ করে। পৃথক অভিযানে জব্দকৃত পণ্যের মোট বাজারমূল্য ১ কোটি ৪১ লক্ষ ৫৬ হাজার টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক ও জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। বিধি মোতাবেক জব্দকৃত মালামালগুলোর বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন। এছাড়া ইয়াবাসহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।





