কুলাউড়ায় ইসলামী আন্দোলনের নির্বাচনী কমিটি গঠনে সভা
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৬:০৮:৩২ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের মনোনীত হাতপাখার প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুস বলেছেন, ইসলামী আন্দোলনের প্রতি সারাদেশে যে সাড়া পড়েছে তাতে আমি আশাবাদী আগামী নির্বাচনে আপনারা আমাকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে কুলাউড়ার খাদেম হিসাবে কাজ করার সুযোগ করে দিবেন।
রোববার বিকেলে নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল মুগনী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সহ সভাপতি হাফেজ মাওলানা সুলাইমান আহমেদ, জেলা সেক্রেটারী ডা. ইবাদুর রহমান, জেলা শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আকমল আলীসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
সভাশেষে মাওলানা ফখরুল ইসলামকে আহ্বায়ক, হাফেজ মতিউর রহমানকে যুগ্ম আহ্বায়ক, মাওলানা আতিকুর রহমানকে সমন্বয়ক, হাফেজ নাসির উদ্দিন মুন্নাকে যুগ্ম সমন্বয়ক করে ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। পরে হাতপাখার প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুসকে নিয়ে দলের নেতাকর্মীরা শহরে গণসংযোগ করেন।





