শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় বিদ্যালয় ও শিক্ষার্থীদের সম্মাননা
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৭:২৪:৫০ অপরাহ্ন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত মেধা যাচাই পরীক্ষা উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ বিদ্যালয়গুলোর মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে।সোমবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। যৌথভাবে সঞ্চালনা করেন রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী এবং সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া আক্তার রুবি।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া তাঁর বক্তব্যে বলেন, মেধা যাচাই পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিভা উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই সম্মাননা শুধু পুরস্কার নয়, এটি আপনাদের দায়িত্বও বাড়িয়ে দিল। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও মূল্যবোধে বড় হয়ে দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শান্তিগঞ্জের শিক্ষার্থীরা যে অসাধারণ সম্ভাবনা দেখিয়েছে, প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ মেধা যাচাই পরীক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী শিক্ষার্থী, শ্রেষ্ঠ বিদ্যালয় ও সেরা শিক্ষক প্রতিনিধিদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন। বিজ্ঞপ্তি





