ছাতকে দুর্নীতির অভিযোগে প্রকৌশলী বদলি
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৮:০৪:৩৪ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ব্যাপক ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। ২৩ নভেম্বর এলজিইডির প্রধান কার্যালয় থেকে জারি করা এক আদেশে তাঁকে ছাতক থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা এলজিইডিতে বদলি করা হয়।
এলজিইডির ছাতক কার্যালয়ে দায়িত্ব পালনের সময় ঠিকাদার, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়দের কাছ থেকে নিয়মিত ঘুষগ্রহণ, বিল অনুমোদনে জটিলতা সৃষ্টি, অতিরিক্ত আর্থিক সুবিধা দাবি এবং বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে চলছিল। এসব অভিযোগের ভিত্তিতে ছাতকের ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করে বিভিন্ন দপ্তরে।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ শেরে বাংলা নগরস্থ এলজিইডি অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ছাতকে বিভিন্ন অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মো. রফিকুল ইসলামকে ছাতক থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে।





