সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারায় মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৮:১৭:৩১ অপরাহ্ন

দোয়ারাবাজার সংবাদদাতা : নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা সার ডিলার লাইসেন্স বাতিলের আশঙ্কায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন বাংলাদেশ, দোয়ারাবাজার শাখার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮১ জন খুচরা সার ডিলারসহ ব্যবসায়ী ও সাধারণ কৃষক অংশগ্রহণ করেন।এসময় বক্তব্য রাখেন উপদেষ্টা সুমন মিয়া, লোকমান মিয়া, আশক আলী, গোলাম মোস্তফা, সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি বাবুল মিয়া, কোষাধ্যক্ষ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, সহ-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শিপন মিয়া, সদস্য নূরুল ইসলাম, জসিম উদ্দিন, কাউছার আলম ও নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ২০০৯ সালের সার নীতিমালার আওতায় দীর্ঘদিন ধরে সৎ ও অভিজ্ঞতার সঙ্গে খুচরা ডিলাররা দায়িত্ব পালন করে আসলেও নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল হওয়ার আশঙ্কায় হাজারো পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়েছে। কৃষিজ উৎপাদন টিকিয়ে রাখতে এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধা নিশ্চিত করতে খুচরা ডিলারদের রাখা অত্যাবশ্যক। মানববন্ধন শেষে প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।





