সুনামগঞ্জ জেলা কাব হলিডে অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৮:২১:০৭ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এবং বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সুনামগঞ্জ জেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। জেলা কাব লিডার রাছমিন বেগম চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি ছিলেন বুলচান্দ উচ্চ বিদ্যালয় ও ম্যানেজমেন্টের প্রভাষক রজত কান্তি রায় এবং জেলা স্কাউটস কমিশনার কাননবন্ধু রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্কাউটস সম্পাদক শেখ নজরুল ইসলাম, জেলা সহকারী কমিশনার সিন্ধু ভূষণ তালুকদার, জেলা স্কাউটস কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, সদর উপজেলা কমিশনার নাসরিন খানম, সদর উপজেলা সম্পাদক বুরহান উদ্দিন, তাহিরপুর উপজেলা কমিশনার নারায়ন চক্রবর্তী, জামালগঞ্জ উপজেলা কমিশনার নিশেন্ধু গোস্বামী ও দিরাই উপজেলা কমিশনার সুধাসিন্ধু দাশ। জেলা কাব হলিডে অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ২৮টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭ জন করে শিক্ষার্থী অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সম্মাননা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, স্কাউটরা কখনোই দেশের জন্য বোঝা বা ক্ষতির কারণ হতে পারে না। স্কাউটিং এমন এক আন্দোলন, যা শিশুকাল থেকেই একজন মানুষের ভেতরে দায়িত্ববোধ, শৃঙ্খলা, সততা ও মানবসেবার মানসিকতা গড়ে তোলে।





